প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনি সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমরা হ্যাপি। ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনসংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ও পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমরা হ্যাপি। ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ।ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভোট উৎসবমুখর হবে। নারীরা আনন্দে ভোট দেবে। এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।প্রেস সচিব জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঁচটি জায়গায় ‘বডি অন ক্যামেরা’ পরীক্ষামূলকভাবে চালু করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। কোথাও সমস্যা হলে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে বার্তা যাবে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে।তিনি জানান, প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্য ইতোমধ্যে মোতায়েন হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সময়মতো দায়িত্বে নামবে।তিনি আরও জানান, নির্বাচনসংক্রান্ত বিষয়ে ৩৩৩ হটলাইন নম্বর চালু করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামে একটি এনজিওর ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হয়েছে।



