মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত জিল্লু মণ্ডল পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত জুনাই মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার চরঝিকড়ী এলাকায় পৌঁছালে অভিযুক্ত জিল্লু মণ্ডল তাকে জোরপূর্বক একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই মামলা রুজু করে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।



