দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি, অনিয়ম ও জনসেবায় হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে নানা ভোগান্তি ও অনিয়মের শিকার হচ্ছেন। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই এবং উদ্যোক্তা নিজাম উদ্দিনের জবাবদিহিতার চরম অভাব রয়েছে। টাকার বিনিময়ে সেবা প্রদানসহ সাধারণ মানুষকে হয়রানি করা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন উদ্যোক্তার বিরুদ্ধে যদি এমন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে, তবে তা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো সরকারি সেবাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে।
এ সময় স্থানীয় এলাকাবাসী রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সাথে তদন্ত সাপেক্ষে দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



