দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদর ইউনিয়ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রওয়ার বিল ও নওগাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযান চলাকালে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫ ধারা অনুযায়ী মোট ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জল হোসেন এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মৎস্যসম্পদ রক্ষা, মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি এবং জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।



