নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি (উত্তর পাড়া) গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন, আমার সামনে। এতে আমি খুশি হবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার।
ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান (সম্রাট) ও মোঃ আমির হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কাজ করার ঘোষণা দিয়ে বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়।



