সোমবার, মে ১৮, ২০২৬
spot_img
Homeসারাদেশআন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রে সিআইডির অভিযান, ফুলপুরের জসিমসহ ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রে সিআইডির অভিযান, ফুলপুরের জসিমসহ ৮ জন গ্রেপ্তার

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ

অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ময়মনসিংহের ফুলপুরের অন্যতম হোতা মোঃ জসীম উদ্দীনও রয়েছেন। রবিবার (১৭ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। জুয়াড়িরা বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা, প্রথাগত ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে লেনদেন করত। দেশীয় মুদ্রায় সংগৃহীত অর্থ পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে কৌশলে বিদেশে পাচার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত প্রায় ৬ মাস ধরে চক্রটি প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত অবৈধ লেনদেন পরিচালনা করে আসছিল, যার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। ডিজিটাল নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জসীম উদ্দীন (চর নিয়ামত, ফুলপুর, ময়মনসিংহ), আশরাফ উদ্দীন আহম্মেদ (ভৈরব, কিশোরগঞ্জ), সজীব চক্রবর্তী (বাজিতপুর, কিশোরগঞ্জ), আশরাফুল ইসলাম (৪০) (সদর, কিশোরগঞ্জ), তৈয়াব খান (পলাশ, নরসিংদী), সৌমিক সাহা (পলাশ, নরসিংদী), মোঃ কামরুজ্জামান (রায়গঞ্জ, লক্ষ্মীপুর) ও আব্দুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ)। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিআইডির সাইবার টিম প্রথমে অভিযান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করে এবং পরে তাদের দেওয়া তথ্য ও সাইবার মনিটরিংয়ের ভিত্তিতে ঢাকার ধানমন্ডি ও নরসিংদীতে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া ও অর্থ পাচারে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিকাশ এজেন্ট সিম এবং কুরিয়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ রশিদসহ বিপুল পরিমাণ ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments