দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সাধনা ত্রিপুরা। একই সঙ্গে ফুলপুরের সাবেক ইউএনও মোহাম্মদ ইউসুফকে বদলিসূত্রে বিদায় জানানো হয়েছে।
আজ (মঙ্গলবার) কার্যালয়ে যোগদানের পরপরই নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরা ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি বলেন, ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় ফুলপুরের উন্নয়ন ও সুশাসনে নতুন ইউএনও-কে সব ধরনের বস্তুনিষ্ঠ তথ্য ও ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় সাংবাদিকরা। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



