দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের সুনির্দিষ্ট মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকাল ৫টায় ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের পুরাতন কোর্ট ভবন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় মিছিলকারীদের কণ্ঠে ‘জুলাই সনদ চালু করো, গণভোটের রায় মেনে নাও’, ‘স্বৈরাচারের স্থান নাই, নতুন বাংলাদেশ চাই’—সহ বিভিন্ন দাবিসংবলিত স্লোগান ধ্বনিত হয়।
পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সাথে দেশের শাসনতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় জনগণের মতামত সুনিশ্চিত করতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, “বিপ্লবের শহীদদের রক্তের সাথে কোনো আপস করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ফ্যাসিবাদের দোসরদের বিচার সুনিশ্চিত করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জনগণের সরাসরি রায় গণভোট বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী দিনে দেশ পুনর্গঠন ও জনগণের মৌলিক অধিকার আদায়ে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



