আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার বেলা ১১টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এদিন তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে শুনানি গ্রহণ করে। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে গত ৩০ নভেম্বর তাকে তলব করা হয় এবং সেদিনই আদালত অবমাননার অভিযোগে শোকজ নোটিশ জারি করা হয়। কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই আদেশে তার সব অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদ সঙ্গে আনতেও বলা হয়। নির্দেশনা অনুযায়ী তিনি উপস্থিত হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন, যা গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিশ্চিত করেন। এর আগে, ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করেন।



