জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এর আগে ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। রুল জারি করার আবেদনও জানানো হয় এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হয়। রিটে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাহী বিভাগ কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে নির্বাহী বিভাগ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে। আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগ তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়েছে, তাই তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন এবং নির্বাচন পরিচালনার ইঙ্গিত দেওয়া হয়েছে। আবারও তাদের দায়িত্ব দিলে প্রভাবিত নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি, অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।



