রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়এনসিপি নেত্রীর রহস্যজনক মৃত্যু: সাইবার বুলিং ও হুমকির অভিযোগ দলের

এনসিপি নেত্রীর রহস্যজনক মৃত্যু: সাইবার বুলিং ও হুমকির অভিযোগ দলের

রাজধানীর জিগাতলা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তরুণীর নাম জান্নাতারা রুমী (৩০)।

পুলিশ জানায়, জিগাতলার ওই হোস্টেলে অবস্থান করছিলেন জান্নাতারা রুমী। প্রাথমিকভাবে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল করা হচ্ছে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ এখনো হোস্টেলেই রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে জানা গেছে, জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জানান, রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, গত এক মাস ধরে রুমী সাইবার বুলিংয়ের পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছিলেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনও একই ধরনের অভিযোগ তুলে বলেন, রুমী দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন এবং বিভিন্নভাবে হুমকির মুখে পড়েছিলেন। তার মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—সে বিষয়ে তারা নিশ্চিত নন।

অন্যদিকে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত মিলেছে। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ময়নাতদন্তের প্রতিবেদনের পরই নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments