ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সংগঠনটির পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এই আন্দোলনকর্মীকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেছেন।
ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হাদি শারীরিকভাবে না থাকলেও তার আদর্শ ও উপস্থিতি বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে যাবে।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এর আগে গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এই হামলার ঘটনায় পরিবারের সম্মতিতে গত রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলাটি করেন।
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



