রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির মরদেহ, আগামীকাল রাষ্ট্রীয় শোক

আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির মরদেহ, আগামীকাল রাষ্ট্রীয় শোক

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তাঁর মরদেহ বাংলাদেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসা সমন্বয়ে যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। মৃত্যুর আগে কয়েক দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কার্যক্রমে অংশ নিতে গিয়ে আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। সংকটাপন্ন অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।

ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর তাঁর জানাজা ও দাফন কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments