মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের কল্যাণে জেলা পুলিশ লাইনস-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সভা পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়। পরে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের আহ্বান জানান।
পরে বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিগত মাসের কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ অর্জনের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।



