বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
spot_img
Homeসারাদেশপ্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ার: কুড়িগ্রামে নাসির উদ্দিন পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ার: কুড়িগ্রামে নাসির উদ্দিন পাটোয়ারী

ওয়াদুদ আহমেদ মিলু , রংপুর প্রতিনিধিঃ

রাজনৈতিক সংস্কার, গণভোট, বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “সংস্কারবিরোধী অবস্থান অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানো হবে।”

(২৩ জুলাই) ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, গণ-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নের পথে হাঁটছে। একই সঙ্গে তিনি দলটির বিরুদ্ধে খুনিদের রক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠান দখল এবং সংস্কারবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “২৪-এর আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। তারা ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি মসজিদ কমিটিও দখল করেছে।”

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কিন্তু তারা আমাদের এবং আবু সাঈদের স্বপ্ন ভঙ্গ করেছে।”

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিবীয় সংবিধান ও ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে।”

তিনি আরও বলেন, “২০০ আসন পেয়ে বিএনপির পাখির মতো পাখা গজিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে সংস্কার যদি না হয়, তাহলে আকাশে ওড়ার সেই পাখা ভেঙে পড়বে। প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সংস্কারবিরোধী অবস্থান থেকে সরে না আসেন, তাহলে কুড়িগ্রামের মাটিতে তাকে লাল কার্ড দেখানো হবে।”

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, সরকার উন্নয়ন বাজেটে উত্তরাঞ্চলের প্রতি বৈষম্য করছে এবং এবারও রংপুর বিভাগকে বঞ্চিত করা হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজির রাজনীতি মেনে নেওয়া হবে না।”

এছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে শহরের কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments