দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সম্ভাব্য বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে শুরু হয়েছে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় ফুলপুর সদর ইউনিয়নের বাঁশতলাগামী (রওয়ার বিল) সড়কে ২ শত তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ফুলপুরের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।”
তালগাছের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, “তালগাছ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গাছগুলো বড় হলে রাস্তার দুই পাশের বিলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ফুলপুরকে একটি সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
নাদিয়া ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা
বেগম শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
উজ্জ্বল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা
সাংবাদিকবৃন্দ: মো. নাজিম উদ্দিন (যুগান্তর), মোস্তফা খান (কালের কণ্ঠ), শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায়দিন), আকবর আলী হাবিব (সংগ্রাম)।
এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশ নেন।
২০ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা:
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার অংশ হিসেবে ফুলপুর উপজেলায় মোট ২০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ৮ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ অব্যাহত রয়েছে।



