শেরিফ হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় কয়েকজন যুবক। পরে খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে থানায় প্রেরণ করেন।
আটক ব্যক্তিরা হলেন, চিলাহাটি প্রধানপাড়া এলাকার বাসিন্দা মো. নাহিদ (২৫), পিতা মৃত মানিক এবং মো. লিটন (২৭), পিতা লোকমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে গোসাইগঞ্জ বাজার এলাকা থেকে চিলাহাটির দিকে মাদক বহন করে আসার সময় গোপন তথ্যের ভিত্তিতে শিমুলতুলি এলাকায় স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করেন। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনার পর স্থানীয়রা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে কর্তব্যরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে এবং উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে যায়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিছুজ্জামান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে তিনি নিজেই দায়িত্ব পালন করেছেন।



