মো মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩০ মে ২০২৬ তারিখে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সিএনজি, অটোরিকশা ও বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে কঠোর নজরদারি চালানো হয় এবং পরিবহন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
শেরপুর সদর উপজেলার শ্রীবরদী, বকশীগঞ্জ, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও জামালপুরগামী সিএনজি স্ট্যান্ড, নিউ মার্কেট এবং অষ্টমীতলা বাস কাউন্টারে পরিচালিত দুটি মোবাইল কোর্টে ৯টি মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া নালিতাবাড়ী বাসস্ট্যান্ড, খোয়ারপাড় মোড় ও অষ্টমীতলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে আরও ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে খোয়ারপাড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বিশেষ মনিটরিং চালিয়ে চালকদের সতর্ক করা হয়।জেলা প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রী হয়রানি প্রতিরোধ, সেবার মান উন্নয়ন এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



