মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeসারাদেশলালমনিরহাটে কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, সদর থানায় মামলা

লালমনিরহাটে কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, সদর থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে মারধর ও ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থান করছিলেন কলেজ শিক্ষার্থী সজীব মিয়া (১৭)। এ সময় পূর্ব বিরোধের জেরে মো. নাইম (২২), মো. অয়ন (২২), মো. নিরব (২১)সহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধভাবে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা তাকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা মৌজায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে সজীব মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গুরুতর আহত অবস্থায় সজীব তার বন্ধু আল-আমিনকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সজীব মিয়া লালমনিরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়দের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments