দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম সরেজমিনে উপস্থিত থেকে একটি সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করে তা উন্মুক্ত করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রভাবশালী মহলের দখলদারিত্বের কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তিলাটিয়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি ও বসতভিটা দীর্ঘ দিন ধরে পানির নিচে তলিয়ে ছিল। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি একটি খালের মুখ প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ভরাট ও বাঁধ দিয়ে বন্ধ করে রাখায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে গিয়েছিল।
জনদুর্ভোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করলে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি তাৎক্ষণিকভাবে খালটি উদ্ধার ও পানি চলাচলের পথ সুগম করার নির্দেশ দেন। তার উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় খালের বাঁধ অপসারণ করা হয়।
খালটি উন্মুক্ত হওয়ার পর পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং দ্রুতই এলাকাটি জলাবদ্ধতামুক্ত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।
প্রশাসনের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি বন্ধ থাকায় আমরা দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় ছিলাম। আজ খালটি উন্মুক্ত হওয়ায় আমরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। জনদুর্ভোগের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সরকারি খাল বা জলাশয় দখলমুক্ত রাখতে প্রশাসন সবসময় তৎপর। কেউ সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



