কুমিল্লার চান্দিনা আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও তাদের মিত্র দল এলডিপির মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে। দীর্ঘ দুই দশক ধরে চলে আসা স্নায়ুযুদ্ধ এখন আরও তীব্র হয়েছে।
২০০৬ সালে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন বর্তমান মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। তখন থেকেই চান্দিনায় বিএনপি ও এলডিপির মধ্যে বিরোধ জটিল আকার ধারণ করে। বর্তমানে বিএনপির হয়ে নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত নেতা খোরশেদ আলমের ছেলে আতিকুল আলম শাওন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটি নিয়ে উভয় পক্ষই এখন নিজেদের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
এলডিপির দাবি, বিএনপির মিত্র দল হিসেবে চান্দিনা আসনে ড. রেদোয়ানকে মনোনয়ন দেওয়া হোক।
বিএনপির নেতাকর্মীদের বক্তব্য, দুঃসময়ে দলকে আগলে রেখেছেন শাওন, তাই দলীয় প্রতীক ধানের শীষ তার হাতে থাকা উচিত।
দুই পক্ষের মধ্যে প্রায়ই কথার লড়াই, পাল্টাপাল্টি মিটিং, এমনকি সংঘর্ষ ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটছে। বিএনপি নেতাদের অভিযোগ, এলডিপি মহাসচিব ও তার অনুসারীরা গত সময়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। অন্যদিকে এলডিপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বিএনপির মিত্র এবং কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
স্থানীয় নেতারা বলছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চান্দিনায় বিএনপি-এলডিপি সম্পর্ক ততই সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে যদিও দুই দল মিত্র, তবে চান্দিনায় তাদের মধ্যে মিত্রতার কোনো ছাপ নেই।



