রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিক‘গেম অব থ্রোনস’-এর পরিচালকের হাতে খালিদ বিন ওয়ালিদের বায়োপিক, মুক্তি ২০২৭ সালে

‘গেম অব থ্রোনস’-এর পরিচালকের হাতে খালিদ বিন ওয়ালিদের বায়োপিক, মুক্তি ২০২৭ সালে

ইসলামী ইতিহাসের অমর বীর ও অপরাজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে কেন্দ্র করে প্রথমবারের মতো বড় বাজেটের আন্তর্জাতিক সিনেমা নির্মাণে নামে সৌদি আরব। ‘আনব্রোকেন সোর্ড’ শিরোনামের এই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এ বছরের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। পরিচালনার দায়িত্ব পেয়েছেন হলিউডের খ্যাতনামা নির্মাতা আলেক সাখারভ—যিনি ‘গেম অব থ্রোনস’, ‘রোম’, ‘ওজার্ক’, ‘মার্কো পোলো’সহ নানা জনপ্রিয় সিরিজে কাজ করেছেন। তাঁর ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ৬৩৬ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধকে ঘিরে—যেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী বাইজেনটাইন সেনাদের পরাজিত করে সিরিয়ায় তাদের দীর্ঘ শাসনের অবসান ঘটায়। ইসলামী বিশ্বের সামরিক ইতিহাসে অনন্য এই যুদ্ধকে কেন্দ্র করেই নির্মিত হবে বহুল প্রত্যাশিত ‘আনব্রোকেন সোর্ড’। ২০২৬ সালের শুরুর দিকে সৌদি আরবের নবনির্মিত প্লেমেকার স্টুডিওতে এর শুটিং শুরু হওয়ার কথা, আর মুক্তি পেতে পারে ২০২৭ সালে। ইতোমধ্যে শুরু হয়েছে বিশাল সেট নির্মাণ, লোকেশন প্রস্তুতি এবং প্রযুক্তিগত পরিকল্পনার প্রি-প্রোডাকশন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের অধীনে ছবিটি প্রযোজনা করছে সিলা কোম্পানি। এটি নির্মিত হবে ইংরেজি ভাষায়, যেখানে একসঙ্গে কাজ করবেন আরব বিশ্বের শিল্পী ও পরিচিত হলিউড অভিনেতারা। সম্প্রতি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ ছবির কলাকুশলীদের সঙ্গে বৈঠক করে নির্মাণ অগ্রগতি পর্যালোচনা করেছেন।

তুর্কি আল-শেখ জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে তিনি পরিচালক আলেক সাখারভকে চলচ্চিত্রটির প্রস্তাব দেন। শুরুতে বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞ থাকায় আগ্রহী ছিলেন না সাখারভ। পরে খালিদ বিন ওয়ালিদের জীবন, যুদ্ধনীতি ও ঐতিহাসিক প্রভাব নিয়ে বই-পুস্তক ও ভিডিও অধ্যয়ন করে উৎসাহী হন তিনি। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করে পুরোপুরি নিবেদিতভাবে কাজ করছেন।

চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বৈশ্বিক বাজারে অবস্থান নিশ্চিত করতে বাজেট, গবেষণা ও প্রযুক্তিগত দিক থেকে কোনো আপস করছে না প্রযোজনা সংস্থা। এক বছরের বেশি সময় ধরে বিশদ প্রস্তুতি চলছে—যেখানে যুক্ত রয়েছেন হলিউডের অভিজ্ঞ চিত্রনাট্যকারেরা। ঐতিহাসিক বাস্তবতা রক্ষায় যুদ্ধক্ষেত্রের সেট, পোশাক, সামরিক সরঞ্জাম, প্রপস—সবকিছুই তৈরি হচ্ছে নিখুঁত কারুকার্যে।

প্রযোজনা সংস্থা জানায়, ছবির যুদ্ধদৃশ্যে বাস্তবতা আনতে তৈরি করা হচ্ছে এক হাজারের বেশি তরবারি এবং রোপণ করা হচ্ছে তিন হাজারেরও বেশি গাছ। সৌদি ও আন্তর্জাতিক টেকনিক্যাল দলের সমন্বয়ে ‘আনব্রোকেন সোর্ড’কে যুগান্তকারী একটি যুদ্ধচলচ্চিত্রে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন নির্মাতারা।

সিনেমা অঙ্গনে ধারণা করা হচ্ছে, এই চলচ্চিত্রটি শুধু ইসলামী ইতিহাসের ভক্তদেরই আকৃষ্ট করবে না, বরং বিশ্বব্যাপী ঐতিহাসিক যুদ্ধ-নির্ভর সিনেমার ভক্তদের কাছেও বড় প্রত্যাশা তৈরি করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments