শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeসারাদেশপ্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবারে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবারে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

পাবনার ঈশ্বরদীর প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হয়।আক্রান্ত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো তারা রাতের শিফটে কাজ করছিলেন। রাত ৯টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোররাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার পর থেকেই একাধিক নারী শ্রমিক অসুস্থ বোধ করতে শুরু করেন।এ বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম বলেন, রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম জানান, ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে। বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিক এখন আশঙ্কামুক্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments