ভাগ্য পরিবর্তনের আশায় সাত বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের সজিব বেপারী। প্রবাসজীবনে গিয়ে বদলে যায় তাঁর জীবনের গতিপথ। সেখানেই পরিচয় হয় দক্ষিণ আফ্রিকার তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহেরা দত্তের সঙ্গে। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়, আর শেষ পর্যন্ত পরিণয় বন্ধনে আবদ্ধ হন দুজন।
দীর্ঘ সাত বছর পর স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন সজিব। বিদেশি পুত্রবধূকে এক নজর দেখতে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গ্রামজুড়ে যেন আনন্দের আমেজ।
স্থানীয় সূত্র জানায়, সজিব বেপারী দক্ষিণ ভাউতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মিন্টু বেপারী ও লিপি বেগম দম্পতির বড় ছেলে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের আলেকজান্ডার এলাকায় তিনি একটি সুপারশপের ব্যবসা পরিচালনা করেন। চার বছর আগে সেখানেই মাহেরা দত্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। পারিবারিক সম্মতিতে ২০২৩ সালের ১৮ জুন তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।
বাংলাদেশে ফিরে সজিবের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়। গায়ে হলুদ, বৌভাতসহ নানা আয়োজনে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর অংশগ্রহণে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিদেশি বৌকে দেখতে আশপাশের এলাকা থেকেও ভিড় করছেন উৎসুক মানুষ।
মাহেরা দত্ত বলেন, “সজিব খুব ভালো মানুষ। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক, এখানে এসে আমি খুব ভালো লাগা অনুভব করছি।”
সজিব বেপারী জানান, “প্রবাসে পরিচয় হলেও আমাদের সম্পর্কটা ভালোবাসা আর পারিবারিক সম্মতির ওপর দাঁড়িয়ে। দুই পরিবারের সমর্থনেই আমরা সুখে আছি।”
সজিবের মা লিপি বেগম বলেন, “প্রথমে একটু চিন্তা ছিল, কিন্তু এখন সব ভয় কেটে গেছে। খুব ভালো মেয়ে, অল্প বাংলা বোঝে।”
বাবা মিন্টু বেপারী বলেন, “সবার কাছে দোয়া চাই—ওরা যেন সুখে শান্তিতে থাকে।”
পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন সজিব। বিদেশি তরুণীর সঙ্গে বাংলাদেশির এই ভালোবাসার গল্প ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



