সোমবার, মার্চ ৩০, ২০২৬
spot_img
Homeসারাদেশবাসডুবির ঘটনায় নিহতদের স্মরণে রাজবাড়ীতে মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

বাসডুবির ঘটনায় নিহতদের স্মরণে রাজবাড়ীতে মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় ২৬ জন নিহতের স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অ্যাডভোকেট এম এ খালেদ পাভেল, শিক্ষার্থী মাহিন শিকদার, তানভীর মাহাদী রলিভ, তাহসিন বিন আতিয়ার তামিম, রিয়াজ, নিহত জ্যোৎস্না বেগমের ছেলে শিশু আলিফ মোল্লা, তার নানি ও জ্যোৎস্না বেগমের মেয়ে শাহেদা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতা হাসিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজবাড়ী জেলায় মানসম্মত বাস সার্ভিসের অভাব রয়েছে। যাত্রীদের উন্নত সেবা দেওয়ার মতো বাস এই রুটে চলাচল করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিও জানান বক্তারা।

তারা আরও বলেন, সম্প্রতি দৌলতদিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ২৬টি প্রাণ ঝরে গেছে, যা পুরো জেলাসহ দেশবাসীকে শোকাহত করেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অদক্ষ চালক ও হেলপার নিয়োগ নিষিদ্ধ, সড়ক দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে নিহত জ্যোৎস্না বেগমের ছেলে আলিফ মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মায়ের হত্যার বিচার চাই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা সেতু চাই।”

মানববন্ধন শেষে আয়োজকরা রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করতে যান এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, রাজবাড়ী রুটে ভালো কোম্পানির বাস চলে না, এ অভিযোগ সঠিক নয়। এই রুটে গোল্ডেন লাইন, শ্যামলী, হানিফ, এসবি, দিগন্তসহ একাধিক পরিবহনের বাস চলাচল করছে। তবে রুট ব্যবস্থাপনা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় বলে তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments