সোমবার, মার্চ ৩০, ২০২৬
spot_img
Homeসর্বশেষদৌলতদিয়া ট্রাজেডি: তদন্ত চলছে, এখনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি -নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত...

দৌলতদিয়া ট্রাজেডি: তদন্ত চলছে, এখনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি -নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় নৌ মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটি প্রধান ও নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কাজেই ঘটনাটির কারণ, দায়ী ব্যক্তি বা সংস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে এখনই নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।

রোববার (২৯ মার্চ) রাত আটটার দিকে গোয়ালন্দ উপজেলার জেলা পরিষদের ডাক বাংলোয় তদন্ত কাজের শুনানি শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা ভোরে এসে ঘটনাস্থলসহ এপাড়-ওপাড়ের ঘাট পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মরত সদস্যদের সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেছি। তবে এখনও অর্ধেক কাজও শেষ করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “আমাদের তিনটি মূল দায়িত্ব—দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ী ব্যক্তি বা সংস্থা চিহ্নিত করা এবং ভবিষ্যতের জন্য সুপারিশ প্রদান। কিন্তু এই তিনটির কোনোটিতেই এখনো আমরা পূর্ণাঙ্গভাবে মন্তব্য করার অবস্থায় পৌঁছাতে পারিনি।”

তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “আজ ও আগামীকাল গুরুত্বপূর্ণ কিছু সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। সব সাক্ষ্য বিশ্লেষণ শেষে আমরা নির্ধারিত তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব।”

উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার সাজিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এবং বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments