রাজবাড়ী প্রতিনিধি:
দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন সরিয়েও তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে চতুর্থ দিনের মতো বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে আবারও অভিযান শুরু করে উদ্ধারকারী দল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পন্টুন সরিয়ে নদীর তলদেশে তল্লাশির পাশাপাশি স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে, কোথাও মরদেহ ভেসে গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকারী সূত্র জানায়, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য সব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে কোনো নিখোঁজ থাকলে তাকে খুঁজে বের করা যায়।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।



