দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর প্রতিনিধ:
ফুলপুরে ধান খেতে কীটনাশক ব্যবহার কমিয়ে আলোর ফাঁদে ধানের ক্ষতিকর পোকা দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।এই পদ্ধতির নাম আলোর ফাঁদ। ফসল সুরক্ষায় আলোর ফাঁদে ক্ষতিকর পোকা দমনের পাশাপাশি উপকারী পোকা শনাক্ত করে অবমুক্তি করতে সুবিধা হয়।এরই মধ্যে ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বছর বোরো ধানে আলোক ফাঁদ স্থাপনের এক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৫নং ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বোরো ধান ক্ষেতের পাশে আলোকফাঁদ স্থাপন করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,আলোক ফাঁদে ধানের পোকা দমন পরিবেশবান্ধব পদ্ধতি।ধানখেত থেকে ৫০ থেকে ১০০ মিটার দূরে ফাঁকা জায়গায় বাঁশের খুঁটির সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট ওপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এর নিচে একটি পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখা হয়।সন্ধ্যার পর এই আলোক ফাঁদের আলোয় আকৃষ্ট হয়ে ধানখেতের ক্ষতিকারক বিভিন্ন পোকামাকড় এসে পাত্রের পানিতে পড়ে মারা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু জানান,সন্ধ্যায় আলোক ফাঁদ স্থাপনের এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ধান পাকা পর্যন্ত তা চলতে থাকবে।তিনি আরও বলেন,ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদের বিকল্প নেই।



