দিল মোহাম্মদ চঞ্চল, উপজেলা প্রতিনিধি ফুলপুরঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের নলচাপরা গ্রামে হাফেজ মোঃ আজহারুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বালিয়া ইউনিয়নের বাংলার মোড় এলাকা থেকে স্থানীয় জুলহাস উদ্দিন, স্বপন ও রাইসুল তাদের সহযোগীদের নিয়ে আজহারুল ইসলামকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকে একটি বসতঘরে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ৮২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে আজহারুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন মাঝে মধ্যে ফুলপুর উপজেলার বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকে বলে শোনা যায়। তবে তাদের প্রকৃত পরিচয় ও কারা তাদের পৃষ্ঠপোষকতা করছে—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



