গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের জরুরি সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” লিখে একটি স্ট্যাটাস দেন। পোস্টটি নজরে আসার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাকিবুল হাসান জুলাই আন্দোলনে জেলা শহর ও আদিতমারী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ছিল।
বহিষ্কার প্রসঙ্গে প্রতিক্রিয়ায় রাকিবুল হাসান বলেন, জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং দেশের মানুষের অধিকার রক্ষায় গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন। একটি ফেসবুক পোস্টের কারণে এভাবে দল থেকে বহিষ্কার করা হবে, তা তিনি কল্পনাও করেননি।



