সোমবার, মার্চ ৩০, ২০২৬
spot_img
Homeসারাদেশএসি (ল্যান্ড) এর গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল

এসি (ল্যান্ড) এর গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে বোতলে করে পেট্রোল নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহর সরকারি গাড়ির পেছনে একাধিক বোতলে তেল নিতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি সরকারি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি একাধিক বোতল ও ক্যান নামিয়ে পেট্রোল নিচ্ছেন। প্রথমে তিনটি এবং পরে আরও দুটি বোতল নামানো হয়। পাম্পকর্মীরা একটি সাদা ক্যানসহ বিভিন্ন বোতলে পেট্রোল ভরছেন।
ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, “সবগুলো কি এসি ল্যান্ড স্যারের বোতল?”—জবাবে সংশ্লিষ্টরা হ্যাঁ বলেন। পরে প্রতি বোতলে কত লিটার তেল নেওয়া হচ্ছে জানতে চাইলে পাম্পকর্মীরা জানান, প্রতিটিতে পাঁচ লিটার করে দেওয়া হচ্ছে। ভিডিওতে একাধিক ক্যান ও বোতল দেখা গেলেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাবি করেছেন, তিনি নিজে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নিয়েছেন।
ভিডিও ধারণের সময় ফিলিং স্টেশনে শতাধিক মোটরসাইকেল তেলের জন্য লাইনে অপেক্ষা করছিল বলে দেখা যায়। এ সময় মোটরসাইকেল চালকদের চাকার ওপর চিহ্ন দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, যাতে কেউ পুনরায় লাইনে দাঁড়িয়ে তেল নিতে না পারে।
এ ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মী বিপ্লব বিশ্বাস অভিযোগ করেন, তেল নেওয়ার বিষয়ে জানতে চাইলে এসি ল্যান্ড তার ক্যামেরায় হাত দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ বলেন, “তেল নেওয়ার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। উপজেলা ভূমি অফিসের জরুরি প্রয়োজনের জন্য একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নেওয়া হয়েছে। বোতলে নেওয়ার কারণে বিষয়টি দৃষ্টিকটু মনে হতে পারে, তবে এতে কোনো আইনগত বাধা নেই। লাইসেন্স ছাড়া খোলাবাজারে পেট্রোল বিক্রি করাই অবৈধ।”
ভিডিওতে একাধিক ক্যান দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমাকে দেখে অন্যরাও ক্যান নিয়ে এসেছে। তাদের নিষেধ করা হয়েছে।”
সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “অচেনা কেউ হঠাৎ মুখের সামনে ক্যামেরা ধরলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া থাকে। পরিচয় না দিয়েই ক্যামেরা ধরায় তাকে ক্যামেরা সরাতে বলেছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments