মোঃ মাহমুদুল হাসান (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, যিনি আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, গনেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। এবারে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের পাটবীজ মোট ২,৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগে উফসী আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উফসী আউশ ধান পেয়েছেন ১১,৫০০ জন কৃষক, পাট ১৫০ জন, গ্রীষ্মকালীন তিল ৭০ জন এবং গ্রীষ্মকালীন মুগ ডাল ৪০ জন কৃষক। আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাটসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



