নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার আয়োজনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ৩টায় উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেন্দ্র সচিবসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মিলন কৃষ্ণ হালদার এবং একাডেমিক সুপারভাইজার জনাব রাশেদুল ইসলাম।
পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা যেন স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় উপস্থিত সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



