আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণে মো. শিপন মিয়া (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে। তিনি চরবাকর এলাকার একটি ব্রিকসে ইট পরিবহনের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার পথে পিছনের চাকায় হাওয়া কম থাকায় চরবাকর এলাকায় রাসেল ব্রিকসের অদূরে একটি ওয়ার্কশপে শিপন নিজেই চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রাক্টরের ওই চাকাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে চাকার লোহার রিং ছিটকে এসে তার শরীরে আঘাত করে। এতে তিনি প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে যান এবং তার মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দেবিদ্বার থানা ও মীরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা উপস্থিত হন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



