দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ফুলপুর উপজেলার জাটিয়া গ্রামে এক বৃদ্ধা দাদিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত নাতি। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার (৭৫) ঘাতক নাতি জসিম উদ্দিন (৩০)-এর সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা জসিমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, অভিযুক্ত জসিম দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের এবং মাদকাসক্ত। তার বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করে চলে যান। পারিবারিক কিছু জমিজমা থাকলেও মা তা নেশাগ্রস্ত ছেলের হাতে না দিয়ে ননদের কাছে হস্তান্তর করেন। ওই জমি ফেরত নেওয়া নিয়ে জসিম প্রায়ই তার দাদির সঙ্গে বিরোধে জড়াত।
এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির উঠানে দাদিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জসিম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



