সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশসাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তার মো. মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি মো.আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে ওই সময়ে অটোচালক আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর মারা যায়। পরে ওই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারভুক্ত আসামী ছিলেন মুকুল চেয়ারম্যান।
গ্রেপ্তারের সময় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি কোন অন্যায়-অপরাধ করেনি, আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না আমি কারও ওপর কোন অন্যায় অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানিনা।
নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা-পড়ার পাশাপাশি সাব্বির অটোরিক্সা চালিয়ে সংসার চালাতেন। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে। বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার সাব্বিরের দুই ভাই এক বোন নিয়ে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুুুকলকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে সে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের দিকে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments