ক্রীড়া প্রতিবেদক, ঢাকা: জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩০০ আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। চমকপ্রদ তথ্য হলো, এই তালিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার কোচদের নামও রয়েছে। বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন জানান, কোচদের জীবনবৃত্তান্ত (সিভি) বিশ্লেষণ করেই ব্রাজিল ও আর্জেন্টিনার প্রার্থীদের তালিকায় রাখা হয়েছে। তবে বাফুফে মূলত প্রো-লাইসেন্সধারী কোচদের বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা (টেকনিক) এবং বর্তমান অবস্থান বিবেচনা করা হচ্ছে। বাফুফে কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো কোচের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। আজ অনুষ্ঠিতব্য এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কাদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২২ জনের এই তালিকাকে আরও ছোট করে ৩-৪ জনে নামিয়ে আনা হবে। বাফুফে মনে করছে, বিশ্বমানের ভালো কোচ পেতে হলে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কোচ পদের আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়। প্রধান কোচ পদের জন্য ২২ জনের পাশাপাশি গোলকিপিং কোচের জন্য ১৪ জনকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। গত চার বছর ধরে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জাতীয় দলের দায়িত্বে ছিলেন, যার চুক্তির মেয়াদ গত এপ্রিলে শেষ হয়েছে।



