ক্রীড়া প্রতিবেদক
রেফারির শেষ বাঁশির পর জায়গাতেই ঠায় দাঁড়িয়ে গেলেন আল নাসরের কয়েকজন খেলোয়াড়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো দাঁড়ালেন না। একটা পা টেনে টেনে যেন খুঁড়িয়েই মাঠ থেকে বের হলেন। আল নাসর দলের এক স্টাফ এগিয়ে গেলেন হাত মিলিয়ে পিঠ চাপড়ে দিতে, কিন্তু তিনি ভ্রুক্ষেপই করলেন না। সোজা গিয়ে বসে পড়লেন ডাগআউটের বেঞ্চে। এরপর ক্যামেরায় যা ধরা পড়ল, তা এক হৃদয়বিদারক দৃশ্য। ডাগআউটে বসে অঝোরে কাঁদছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাত দিয়ে বারবার চোখ মুছছেন। কেউ কেউ এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাঁর কান্না থামানো যায়নি।
রোনালদোর এই কান্নার মুহূর্ত দেখা গেছে শনিবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালের পর। এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টটির ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে গেছে আল নাসর। পুরো ম্যাচে বল দখলে, শটে কিংবা সুযোগ সৃষ্টিতে—সব দিক থেকেই এগিয়ে ছিল সৌদি ক্লাবটি। কিন্তু ম্যাচের ৩০তম মিনিটে ডেনিজ হুমেটের করা একমাত্র গোলই গাম্বা ওসাকাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেয়। ফাইনালের আগে একটি ম্যাচেও না হারা আল নাসর ম্যাচে মোট ২০টি শট নেয়, যার মধ্যে রোনালদো একাই নেন ৫টি। অথচ মাত্র ৩টি শট নেওয়া ওসাকা এক সুযোগেই বাজিমাত করে।
এই হার রোনালদোকে কতটা কষ্ট দিয়েছে, তা স্পষ্ট হয়েছে পুরস্কার বিতরণী পোডিয়ামে তাঁর না যাওয়ার ঘটনায়। রানার্সআপ দলের অধিনায়ক হিসেবে সবার আগে পদক নেওয়ার কথা থাকলেও মঞ্চের কাছেই যাননি সিআরসেভেন। আল নাসরে যোগ দেওয়ার পর এটি ছিল রোনালদোর ১৪তম অফিশিয়াল টুর্নামেন্ট, যার একটিতেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। তবে ট্রফি জেতার সুযোগ তাঁর একেবারে শেষ হয়ে যায়নি। সৌদি প্রো লিগে আল নাসর এখন শীর্ষে রয়েছে। আগামী বৃহস্পতিবার দামাক এফসির বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে রোনালদোর দল।



