সাভার প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের দুটি প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এর আগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত ১২ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়ক থেকে টেনেহিঁচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঘটনার পাঁচ দিন (১০৬ ঘণ্টা) পার হলেও আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভেতরে এত বড় ঘটনার পরও প্রশাসনের ‘গাছাড়া ভাব’ ও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তাঁরা ক্ষুব্ধ।
আন্দোলনকারীদের পক্ষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, ‘আমাদের ছয় দফা দাবির প্রথমটিই ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে ধরতে হবে, অন্যথায় পুরো প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। প্রশাসন যতক্ষণ এসে নিশ্চিত না করবে যে ধর্ষককে ধরতে আর কত সময় লাগবে, ততক্ষণ তালা দেওয়া থাকবে।’ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ‘ভিসি স্যারকে জবাবদিহির আওতায় এনেও তদন্তের কোনো সুনির্দিষ্ট আপডেট পাওয়া যায়নি। অগ্রগতি হচ্ছে বলে আমাদের কেবল বুঝ দেওয়া হচ্ছে। বোনের বিচার নিশ্চিত করতেই আমাদের এই অবস্থান।’



