দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পের আওতায় স্থানীয় অসহায়, দুস্থ ও সুবিধাভোগী মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৯ জুন সোমবার উপজেলা পরিষদ চত্বরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ত্রাণ ও উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এডিবি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
বিতরণকৃত সামগ্রীর বিবরণ:
এডিবি প্রকল্পের আওতায়: ৩৫ বান ঢেউটিন, ৫২টি সেলাই মেশিন এবং ২৭টি হুইলচেয়ার।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে: ২০ বান ঢেউটিন (এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকার (চেক)।
সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন এবং উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের ওমর ফারুক,পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আমিনুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগী স্থানীয় বাসিন্দারা এই দুর্যোগকালীন ও উন্নয়ন সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।



