আন্তর্জাতিক ডেস্ক | জেনেভা
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হওয়া বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি এই প্রাদুর্ভাবকে এখনো ‘মহামারী’ হিসেবে ঘোষণা করেনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে যে, এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা হলেও এর বর্তমান বিস্তার ও পরিস্থিতির ওপর ভিত্তি করে এখনই মহামারীজনিত জরুরি অবস্থা ঘোষণার মানদণ্ড পূরণ করেনি।



