দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মমুখর ও স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
বুধবার (২০ মে) দুপুরে ফুলপুর প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাদিয়া ইসলাম সীমা তাঁর কর্মকালে একজন অত্যন্ত জনবান্ধব ও দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সর্বদা সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়েছেন এবং সংবাদকর্মীদের তথ্যের প্রয়োজনে সবসময় আন্তরিক ছিলেন। বক্তারা তাঁকে একজন ‘সাংবাদিক বান্ধব’ ইউএনও হিসেবে অভিহিত করে তাঁর সততা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “ফুলপুরে দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। সকলের ঐকান্তিক সহযোগিতার কারণেই আমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পেরেছি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম সীমার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতান আহমেদ ফুলপুরী, আতিকুর রহমান, আজহারুল ইসলাম, মোতালেব সরকার, বাহার উদ্দিন, তপু রায়হান রাব্বি, দিল মোহাম্মদ চঞ্চল, আকবর আলী হাবিব ও গোলাম মোস্তফা প্রমুখ।



