মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালা’জ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারে’র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।
সোমবার (২৫মে) দুপুরে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী।
এছাড়া আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সাংবাদিক হাসান আলী, জিয়াউর রহমান ও আব্দুল মোমেন সহ অন্যান্যরা।
বক্তারা জানান, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা গত ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এই খবরটি সাংবাদিক আল মামুন জীবন তার পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে গত ১৯ মে দুপুরে মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন জুয়েল রানা। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।



