নাজমুল সাদ, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ
দাউদকান্দি থেকে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক
জিসান আহম্মেদ প্রধানকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা চাইল পরিবার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর জিসান আহম্মেদ প্রধানের সঙ্গে পরিবারের সদস্য ও সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত ৮টা ২৯ মিনিটে হোয়াটসঅ্যাপে তাকে সর্বশেষ সক্রিয় দেখা যায়। এরপর আর কোনো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সম্ভাব্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
তার আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, স্বজন এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর অনুসন্ধান পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তি যদি জিসান আহম্মেদ প্রধানের অবস্থান বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



