চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরহারা মানুষের পুনর্বাসনে মানবিক উদ্যোগ হিসেবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রামের লোহাগাড়ায় ঢেউটিন বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে। ঢেউটিন বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এফডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মানুষের জীবনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে বহু মানুষের আজীবনের সঞ্চয়ে নির্মিত বসতঘর ধ্বংস হয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, একজন প্রকৌশলী শুধু অবকাঠামো নির্মাণ করেন না, সমাজ গঠনেরও কারিগর। তাই মানুষের ঘরবাড়ি ধ্বংস হলে তাদের পুনর্বাসনে এগিয়ে আসা এফডিইবির সামাজিক দায়বদ্ধতার অংশ। আজকের ঢেউটিন বিতরণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই একটি ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো ক্ষতিগ্রস্ত মানুষের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি এফডিইবির প্রকৌশলীরা প্রয়োজনে টেকসই ও দুর্যোগসহনীয় ঘর নির্মাণে কারিগরি পরামর্শ প্রদানেও প্রস্তুত রয়েছেন, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি কমানো যায়।
প্রকৌশলী জয়নুল আবেদীন এ কর্মসূচি সফল করতে সহযোগিতা প্রদানকারী এফডিইবির সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ সবসময়ই দুর্যোগ মোকাবিলায় দৃঢ়তা ও সাহসের পরিচয় দিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এফডিইবি মানুষের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রধান উপদেষ্টা জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন এফডিইবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মদ ইউসুফ, ডা. সিদ্দিক আহমেদ, হারুন উর রশিদ, মাওলানা রেজাউল করিম, হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার নাজিম উদ্দিন, কফিল উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, আব্দুল গফুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রিফাত, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আব্দুর রহিম প্রমুখ।



