বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদী থেকে ৩৩ বছর আগে ডুবে যাওয়া জাপানি পণ্যবাহী জাহাজ উদ্ধার করা হয়েছে। খুলনার ঠিকাদার আনসার উদ্দিন মিয়ার প্রতিষ্ঠান ‘মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট’ দীর্ঘ এক যুগ ধরে চেষ্টা চালিয়ে মাটির ৭০ হাত তলদেশ থেকে জাহাজটি উত্তোলন করতে সক্ষম হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে চলা এমভি মোস্তাবি ঝড়ের কবলে পড়ে মেহেন্দিগঞ্জের মিঠুয়া এলাকার তেঁতুলিয়া নদীতে ডুবে যায়। জাহাজটির স্থান শনাক্ত ও উত্তোলনে আগে বহু ঠিকাদার ব্যর্থ হলেও ২০১৩ সালে দরপত্রে নির্বাচিত হয়ে আনসার উদ্দিন মিয়ার প্রতিষ্ঠান এই কাজে সফল হয়।
উদ্ধারকাজে আব্দুল মন্নান জানান, ১৮০ ফুট দৈর্ঘ্য, ১৪ ফুট প্রস্থ ও ১৭ ফুট উচ্চতার জাহাজটি ৫ একর মাটি খনন করে উত্তোলন করা হয়েছে। জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে বাজারে বিরল মেশিন, যা নতুন হলে মূল্য হবে প্রায় ১২–১৫ কোটি টাকা।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান জানিয়েছেন, জাহাজটি বর্তমানে মিঠুয়া গ্রামে রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে।



