মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ ১২টি মাদক মামলার আসামি রোজি বেগম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আরিফ কাজীর স্ত্রী মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার মৃত আইয়ুব ফকিরের মেয়ে নিশি আক্তার (৪২) এবং দৌলতদিয়া বাজার এলাকার মোসলেম আলী মোল্লার ছেলে আখের আলী (৩২)।
থানা সূত্রে জানা যায়, সোমবার (০৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাকে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।



