নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর:
ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার বিকাল সাড়ে তিনটায় নগর ভবনে সংগঠনের মহানগর নেতৃবৃন্দ নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে ২টি করে ফগার মেশিন ক্রয়ের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি খুব দ্রুত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসক রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন কমিউনিটিকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, নাসিক ১৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক হাসান রানা।



