বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষহাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল, শুনানি ১৫ জানুয়ারি

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল, শুনানি ১৫ জানুয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দাখিল করা চার্জশিট পর্যালোচনার জন্য আরও দুই দিনের সময় পেয়েছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার (১২ জানুয়ারি) সকালে বাদী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৫ জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, বাদীপক্ষ থেকে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং ডিবি পুলিশের দেওয়া চার্জশিট বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য সময় চাওয়া হয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এস এম মইনুল করিম বলেন, শহীদ ওসমান হাদি ন্যায়বিচারের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন এবং তার বক্তব্য মাথায় রেখেই মামলার চার্জশিট আরও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পান। মামলায় বাদীপক্ষে রাষ্ট্রকর্তৃক নিযুক্ত তিন আইনজীবী হলেন সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুর রহমান মুকুল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাদী আবদুল্লাহ আল জাবের বলেন, দুই দিনের সময় নেওয়া হয়েছে এবং আগামী ১৫ জানুয়ারি চার্জশিটে আপত্তি আছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন, যেখানে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ছয়জন পলাতক রয়েছেন। অন্য ১১ জন আসামি বর্তমানে কারাগারে আটক আছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments