বাংলাদেশে আগামী মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, দুই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা দপ্তরকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে এবং সরকারি সব যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। এর আগে মাউশির এক নির্দেশনায় বলা হয়েছিল, ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে নির্বাচনের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক। একই তারিখে জারি করা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবারে পৌঁছে দিতে হবে এবং প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালাতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ উল্লিখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নিতে এই গণভোট অনুষ্ঠিত হবে।



